কুড়িগ্রামের গুড়িয়ে দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের গুড়িয়ে দেওয়া স্থানে ব্যানারটি ঝুলতে দেখা যায়।
ব্যানারটি টানানোর সময়ের একটি ভিডিও জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ওই ভিডিওতে দেখা যায়, গুড়িয়ে দেওয়া ভবনের সামনে লাগানো ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয় লেখা। এসময় ৫ থেকে ৭ জন ছেলেকে সেখানে দেখা যায়। তারা সেখানে দাঁড়িয়ে, জয় বাংলাসহ নানান স্লোগান দিতে থাকেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবদুল আজিজ নাহিদ সেখানে উপস্থিত হয়ে নিজ হাতে ব্যানারটি ছিড়ে ফেলেন। এরপর দুপুর ১২টায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয় ঘিরে রাখা স্থানের টিনের বেড়া ভেঙে দেওয়া হয়।কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের গুড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।