ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল ইসলাম ও এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরও ৭ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত পথচারীর পরিচয় জানা যায়নি।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজন নিহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।