পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে ছুটি। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলেজগুলোয় ছুটি শুরু হচ্ছে আর ক্লাস শুরু হবে ২৯ মার্চ।
সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটির শুরু হবে ৮ মার্চ আর ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।এতে দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
এ ছাড়া প্রতি বছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।