1. shahajahanbabu@gmail.com : admin :
রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন



রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল নতুন সময়সূচিতে চলাচল করবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর এ সময়সূচি রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বলবৎ থাকবে। ইফতারের সময় পানি পান করার জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

হেডওয়ে (ট্রেনের বিরতি সময়)
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

ইফতারে পানির অনুমতি
নির্দেশনায় আরও বলা হয়েছে, পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বহির্গমন গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST