নতুন মন্ত্রিসভার সদস্যদের আবাসনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
গণপূর্ত উপদেষ্টা বলেন, মিন্টো রোড, বেইলি রোড, গুলশান ও ধানমন্ডি এলাকায় মন্ত্রীদের জন্য নির্ধারিত বাড়িগুলো সংস্কার ও প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তাঁর ব্যক্তিগত অভিপ্রায় ও সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘যমুনা’ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবনও ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা হয়েছে।
ব্রিফিংয়ে আদিলুর রহমান খান জানান, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাসভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা, বিদ্যুৎ, পানি ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীরা যেন দ্রুত দায়িত্ব পালন শুরু করতে পারেন, সে লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সরকারি সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে আবাসন প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।