1. shahajahanbabu@gmail.com : admin :
ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ দিনমজুর, অনিশ্চিত হয়ে পড়েছে পথচলা - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন



ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ দিনমজুর, অনিশ্চিত হয়ে পড়েছে পথচলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ভোট দেওয়ার নাগরিক দায়িত্ব পালন করতে গিয়েছিলেন হতদরিদ্র দিনমজুর আব্দুল মোতালেব কাজী। কিন্তু ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে কিছুক্ষণ পরই পুলিশের ছোড়া গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মুজিবকেল্লা ভোটকেন্দ্রে গিয়ে দুই পায়ে গুলিবিদ্ধ হন মোতালেব। এখন তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের বড় কয়রা গ্রামের বাসিন্দা মোতালেবের দুই পা ব্যান্ডেজে মোড়ানো। ইতোমধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে স্বাভাবিকভাবে আবার হাঁটতে পারবেন কি না—সে অনিশ্চয়তা কাটেনি বলছেন চিকিৎসকরা। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা মোতালেবের পাশে বসে আছেন স্ত্রী হালিমা খাতুন। জিজ্ঞেস করলে তার কণ্ঠ কেঁপে ওঠে। তিনি বলেন, ‘ভোট দিতে গিয়ে এমন হবে, কখনো ভাবিনি। সংসার চলবে কীভাবে, কী হবে আমাদের?’

ঘটনার তিন দিন পর জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা ও গৃহনির্মাণে মানবিক সহায়তার আশ্বাস দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

জানা গেছে, দায়িত্বরত কনস্টেবল ওহাব আলীর শটগান থেকে ছোড়া গুলিই মোতালেবের দুই পা ভেদ করে বেরিয়ে যায়। ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একটি ভোটের দিন—আর সেই দিনই থমকে গেছে এক দিনমজুরের জীবনসংগ্রামের পথ।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ সমকালকে বলেন, গুলির ঘটনার পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল ওহাব আলীকে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে যে গুলির ঘটনাটি ভুলবশত, নাকি ইচ্ছাকৃত।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে জেনেছি, ওই দিন সকাল ১০টার দিকে ভোট দিয়ে এসে মোতালেব কেন্দ্রের বাইরে পুলিশের পাশে বসে ছিলেন। ওই সময় পুলিশ সদস্য তার বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ একটি বুলেট মোতালেবের দুই পা ভেদ করে বেরিয়ে যায়। এটি দায়িত্ব অবহেলা নাকি, অজ্ঞতা, জেলা পুলিশ থেকে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST