1. shahajahanbabu@gmail.com : admin :
৫০০ গোলে রোনালদোর চেয়ে দ্রুততম কেইন, রেকর্ড মেসির দখলেই - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন



৫০০ গোলে রোনালদোর চেয়ে দ্রুততম কেইন, রেকর্ড মেসির দখলেই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন ক্যারিয়ারে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের এই তারকা। শনিবার রাতে বুন্দেসলিগায় ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে এই কীর্তি গড়েন তিনি

শনিবারের ম্যাচে ব্রেমেনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাভারিয়ানরা। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম ও ক্যারিয়ারের ৪৯৯তম গোলটি করেন কেইন। এর ঠিক চার মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করে স্পর্শ করেন সেই কাঙ্ক্ষিত ৫০০ গোলের মাইলফলক। ম্যাচের ৭০ মিনিটে লেয়ন গোরেটজকা তৃতীয় গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় বায়ার্নের। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করল তারা।ম্যাচ শেষে কেইন বলেন, ‘৫০০ গোল করাটা গর্বের বিষয়। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ ও কঠোর পরিশ্রম। তবে আমার মূল লক্ষ্য দলের জয় নিশ্চিত করা এবং সামনের ম্যাচগুলোতে মনোযোগ দেওয়া।১৫ বছর আগে ২০১১ সালে লেইটন ওরিয়েন্টের হয়ে পেশাদার ফুটবলে হিসেব খোলা কেইনের ৫০০ গোলের মধ্যে ১০০টি এসেছে পেনাল্টি থেকে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ৪৮ গোল নিয়ে তিনি ইংলিশ ফুটবলারদের মধ্যে সবার উপরে।৫০০ গোলের ক্লাবে পৌঁছাতে কেইন সময় নিয়েছেন ৭৪৩টি ম্যাচ। এই যাত্রায় তিনি পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে, যার এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৭৫৩ ম্যাচ। তবে সর্বকালের দ্রুততম হিসেবে এই রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে (৬৩২ ম্যাচ)।

এর আগে গত ডিসেম্বরেই কেইন কিংবদন্তি জিমি গ্রিভসের ৪৭৪ গোলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বর্তমানে জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ৭৮, যা ওয়েইন রুনির চেয়ে অনেক বেশি।৫০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর কেইনের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বুন্দেসলিগায় এক মৌসুমে রবার্ট লেভানডফস্কির সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ডটি ভাঙার পথে রয়েছেন তিনি। চলতি মৌসুমে ২২ ম্যাচে কেইনের গোল এখন ২৬। বাকি থাকা ১২ ম্যাচে যদি তিনি গড়ে প্রতি ম্যাচে ১.২৫টি গোল করতে পারেন, তবে লেভানডফস্কিকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখবেন এই ইংলিশ ফরোয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST