ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের ফলাফল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পখাত, বিশেষ করে টেক্সটাইল ও বস্ত্র খাতের অগ্রগতিতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম (কুমিল্লা-৯), পরিচালক আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩) এবং সদস্য এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪) ও মঞ্জুর এলাহী (নরসিংদী-৩)-কে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, জাতীয় সংসদে তাদের সক্রিয় ও দূরদর্শী ভূমিকা দেশের শিল্পায়ন ত্বরান্বিত করবে। বিশেষ করে টেক্সটাইল খাতের বিদ্যমান সংকট, জ্বালানি সরবরাহ, কাঁচামালের মূল্য, বৈশ্বিক প্রতিযোগিতা এবং নীতিগত সহায়তা—সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী হবে এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি সুদৃঢ় হবে। শিল্পখাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৃদ্ধিতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা দেশকে আরো এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করা হয়। শেষে নবনির্বাচিতদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে বিটিএমএ।