সৈয়দপুর বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকা থেকে তাকে হেফাজতে নেয় সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা এই বিপুল অর্থের কোনো বৈধ উৎস তিনি তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি বলে পুলিশ দাবি করেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখতে এই তল্লাশি চালানো হয়। প্রাথমিক হিসেবে মাওলানা বেলাল উদ্দিনের কাছে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে। তবে উদ্ধারকৃত অর্থের সঠিক পরিমাণ নিশ্চিত করতে বর্তমানে গণনা প্রক্রিয়া চলছে। নির্বাচনি পরিস্থিতির এই স্পর্শকাতর সময়ে এত বিপুল পরিমাণ নগদ টাকা এক জেলা থেকে অন্য জেলায় কেন বহন করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
আটকের পর মাওলানা বেলাল উদ্দিন দাবি করেছেন যে, উদ্ধারকৃত এই অর্থ তাঁর ব্যক্তিগত ব্যবসার লেনদেনের টাকা। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের সপক্ষে তিনি কোনো দাপ্তরিক প্রমাণ বা বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।