1. shahajahanbabu@gmail.com : admin :
গাজীপুরে তিন সড়কে ২০-২৪ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন



গাজীপুরে তিন সড়কে ২০-২৪ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব সড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। টানা তিন দিনের কারখানা ছুটিকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের ঘরমুখো যাত্রায় যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রি-মোড় ও আশপাশের এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতো উপচে পড়েছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় একটানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সুযোগে শ্রমিকদের একটি বড় অংশ নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশের বাড়ির পথে রওনা হয়েছেন।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, যেখানে স্বাভাবিক সময়ে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে একযোগে চাপ বেড়ে যাওয়ায় এসব সড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST