1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড - Pundro TV
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন



ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) তার সমর্থকরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুতে অনশন শুরু করার পর তার বিরুদ্ধে নতুন এই সাজা দেয়া হয়। প্রায় এক সপ্তাহের ওই অনশনের পর তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।

২০২৩ সালে শান্তিতে পুরস্কার জয়ী মোহাম্মদি ডিসেম্বরে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে কথা বলায় গত দুই মাস কারাগারে ছিলেন তিনি।

তার ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয় এবং ইরানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে ‘প্রচারণার’ জন্য তাকে আরো দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিচারকদের সামনে মোহাম্মদিকে হাজির করিয়ে দ্রুত সাজা দেয়ার পর তিনি আত্মপক্ষ সমর্থন করেননি বা কোনো বিবৃতিও দেননি।

প্যারিসে বসবাসকারী নার্গিস মোহাম্মাদির স্বামী তাগি রাহমানি এক বিবৃতিতে বলেন, ‘নার্গিস আত্মপক্ষ সমর্থন করেননি কারণ তিনি বিশ্বাস করেন, এই বিচার বিভাগের কোনো বৈধতা নেই। তিনি এই বিচার প্রক্রিয়াগুলোকে পূর্বনির্ধারিত লক্ষ্যের একটি নিছক নাটক হিসেবে দেখেন।’

মোহাম্মদি তার কারাবাসের অবস্থা ও আইনজীবী ও পরিবারের সাথে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন।

তার ফাউন্ডেশন জানিয়েছে, নার্গিস মোহাম্মদি আজ ষষ্ঠ দিনে তার অনশন শেষ করেছেন, যদিও প্রতিবেদন ইঙ্গিত দেয় যে তার শারীরিক অবস্থা গভীরভাবে উদ্বেগজনক। তার স্বাস্থ্যের অবনতির কারণে মাত্র তিন দিন আগে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফাউন্ডেশনটি জানিয়েছে, তবে চিকিৎসা শেষ করার আগেই তাকে মাশহাদে গোয়েন্দা মন্ত্রণালয়ের নিরাপত্তা আটক কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে। তার চলমান আটক জীবন-হুমকিস্বরূপ ও মানবাধিকার আইনের লঙ্ঘন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST