দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। গতকাল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ, ভরিতে বেড়েছে ৭ হাজার ৬৪০ টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সকাল ১০টায় নতুন এ দাম কার্যকর হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম পড়ছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট যোগ করতে হবে।