বাংলাদেশকে বাদ দেওয়াকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ২০০৯ সালের চ্যাম্পিয়নরা খেলবে কি না সেটাই এখনো নিশ্চিত হয়নি। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না চাইলে কেউ পাকিস্তানকে জোর করবে না।
ক্রিকবাজকে ভোগলে বলেন, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই আলোড়ন তৈরি করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে– এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো (টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে)। তারা বিশ্বকাপে অংশ নেবে, অবশ্যই নেবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। পাকিস্তান বিশ্বকাপ খেলবে।’