প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র খুলনার কয়রা অঞ্চল থেকে আরো উত্তর দিকে অগ্রসরের সঙ্গে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সোমবার রেমাল-সংক্রান্ত আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।