বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে। ৪৮ ঘণ্টার যে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা শুক্রবার ভোর ৬টা থেকে শান্তির্পূণভাবে পালিত হবে।
সরকারের কোনো উসকানিতে কেউ পা দেবে না। জনগণ যাতে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য আমাদের আন্দোলন। এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে উঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দিবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে সারথি হিসাবে থাকবেন।