1. shahajahanbabu@gmail.com : admin :
ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা শিক্ষকদের দায়িত্ব: ইউজিসির সদস্য - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন



ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা শিক্ষকদের দায়িত্ব: ইউজিসির সদস্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন বলেছেন, বিএনপিসহ যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোটারদের ভোট কেন্দ্র আনতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে।

একই সঙ্গে নতুন ও তরুণ ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে। যদি এমনটা করা যায় তাহলে যুক্তরাষ্ট্রসহ যারা এ দেশের নির্বাচন নিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছে তাদের কঠোর জবাব দেওয়া যাবে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসার একমাত্র সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন দ্বিতীয় মেয়াদে ইউজিসির দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিএনপিসহ বিরোধী দলের ডাকা হরতাল, অবরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিভাবে সক্রিয় রাখা যায় শুরুতে এ নিয়ে আলোচনা হয়। এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ’ উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ ৩৫ জন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, দেশের স্বাধীনতাবিরোধীরা আবার হত্যা, সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী জানুয়ারিতে আবার বিজয় উৎসব হবে। সেই নির্বাচনে ৮০ শতাংশ ভোটারদের ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তরুণ ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য শিক্ষকরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। তিনি ভোটের আগে সব শিক্ষকদের ভোটারদের কাছে যেতে অনুরোধ জানান।

এ সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ভোটের আগে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, আজকের যে দলটি আন্দোলন করেছে তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। তাদের আদর্শে রয়েছে জঙ্গিবাদ সন্ত্রাস আর স্বাধীনতাবিরোধীতা। অন্যদিকে বাংলাদেশ চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার ওপর দিয়ে। সেই চেতনার বাইরে গিয়ে রাজনৈতিক করলে তাদের পতন অনস্বীকার্য। তারা রাজনৈতিক ময়দান থেকে বিলীন হয়ে যাবেন এটাই স্বাভাবিক।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) উপ উপাচার্য খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, আগামী নির্বাচনে যদি ভোট কেন্দ্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোটার নিশ্চিত করা যায় তাহলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির জবাব দেওয়া হবে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অলোক কুমার পাল বলেন, করোনা পরবর্তী অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান সেশন জটের কমতে শুরু করছে ঠিক তখনই দেশে আবার হত্যা, আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বিএনপি-জামায়াত।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহফুজুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর কামাল উদ্দিন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আলিমুজ্জামান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য এ. কিউ. এম. মাহবুব, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিনাদ হুদা, বুয়েটের শিক্ষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST