বগুড়ায় সজল চন্দ্র নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সজল ওই এলাকার খগেন চন্দ্র দাসের ছেলে। তার শহরের চেলোপাড়ায় রেফ্রিজারেটর সার্ভিসিং এর দোকান রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছে নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান৷
পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার সকালে এক যুবক চেলোপাড়ায় আরিফ ভ্যারাইটির স্টোর থেকে একটি এনার্জি বাল্ব কিনতে আসেন। এসময় ওই যুবক ৫০০ টাকা দিলে বাল্বের দাম ১৫০ টাকা রেখে অবশিষ্ট ৩৫০ টাকা ফেরত দেন আরিফ। পরে বিকালে ওই যুবক আরিফের দোকানে এসে জানায় তাকে ২৫০ টাকা ফেরত দিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবকে আরিফকে মারধর করে। এ ঘটনায় চেলোপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা এ ঘটনায় বিচার করে মীমাংসা করে দেন। বিচারের সময় সজলও মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন। মীমাংসার পরেই সজলকে এক দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।