নারী সাফজয়ী দলের সদস্যদের প্রতিশ্রুত অর্থ আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করলে চেক পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবিনা-কৃষ্ণারা শিরোপা নিশ্চিত করে দেশে আসার আগেই পুরস্কারের ঘোষণা দেয় স্থানীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি কর্মকর্তাদের পরিকল্পনা ছিল আনুষ্ঠানিকভাবে চেক নারী ফুটবলারদের হাতে তুলে দেবেন। তাদের দাবি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা সময় না দেওয়ায় প্রতিশ্রুত অর্থ হস্তান্তর করা যাচ্ছে না।
গত সপ্তাহে সিনিয়র নারী ফুটবলারদের অনুশীলন বর্জনের অন্যতম কারণ ছিল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিশ্রুত অর্থ হাতে না পাওয়া; যার অন্যতম ছিল বিসিবি ঘোষিত ৫০ লাখ টাকা। বিসিবি বরাবরই জানিয়ে আসছে অর্থ প্রস্তুত আছে, বাফুফে চাইলে তা হস্তান্তর করা হবে। গতকাল আবারও সে কথাই বললেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। ‘৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়ার ব্যাপারে মাননীয় বোর্ড সভাপতির কমিটমেন্ট ছিল। এ নিয়ে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। খেলোয়াড়দের হাতে চেক তুলে দেওয়ার ইচ্ছা ছিল। সময় মিলছিল না বলেই দেরি হচ্ছে’— গতকাল বলছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।
স্থানীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী আরও বলেন, ‘৩-৪ মাস আগেই থেকে আমাদের চেক প্রস্তুত ছিল। এ নিয়ে আমরা বাফুফের সঙ্গে যোগাযোগ করেছি, অতি সম্প্রতি এ নিয়ে কথা বলেছি। বাফুফে সুবিধাজনক সময় দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দেব। তা না হলে আমরা যত দ্রুত সম্ভব চেকগুলো ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’