বগুড়ার ধুনট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আজগর (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে চিকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে আরকাদিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা কবলিত দুজনকে পড়ে থাকতে দেখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। পরে তিনি কর্মীদের নিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে আলী আজগরের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মোটরসাইকেল দুটি থানায় জব্দ আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।