1. shahajahanbabu@gmail.com : admin :
এমবাপ্পে–বেনজেমা নেই, জিততে পারেনি ফ্রান্সও - Pundro TV
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন



এমবাপ্পে–বেনজেমা নেই, জিততে পারেনি ফ্রান্সও

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুন, ২০২২

দুই ম্যাচে ১ পয়েন্ট—উয়েফা নেশনস লিগে এই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থা। তবে খানিকটা উন্নতি যে হয়েছে তা অস্বীকার করা যায় না। গত সপ্তাহে ডেনমার্কের কাছে ২-১ গোলের হারে টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রান্স।

সোমবার রাতে ক্রোয়েশিয়ার স্পিলিতে পলুদ স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের মতো একই পথে আছে ক্রোয়াটরাও। গত সপ্তাহে অস্ট্রিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর কাল পয়েন্টের মুখ দেখেছে লুকা মদরিচের দেশ।

ক্রোয়েশিয়া-ফ্রান্স মুখোমুখি হওয়া মানে অনেকের কাছেই ২০১৮ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরে আসা। মাঝে এই নেশনস লিগেই দুই দল দুবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই বিজয়ী দলটির নাম ফ্রান্স। দেশম দল নিয়েও বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

ডেনমার্ক ম্যাচের দল থেকে ১০টি পরিবর্তন এনে একাদশ সাজান ফ্রান্স কোচ। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে মাঠে নামাননি। বাবার মৃত্যুর কারণে ডেনিশদের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে ছিলেন না দেশম। এই ম্যাচ দিয়ে কোচ ডাগ আউটে ফিরলেও খেলার ফলে সন্তুষ্ট হওয়ার কথা নয়।

উইসাম বেন ইয়েদেরের পাস থেকে ৫২ মিনিটে রাবিওঁর গোলে এগিয়ে যায় ফ্রান্স। নির্ধারিত সময় শেষ হওয়ার ৭ মিনিট আগে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ফরাসি রাইটব্যাক জোনাথন ক্লস বক্সে ফাউল করে বসেন বদলি হয়ে নামা আন্দ্রেই ক্রামারিককে। অফসাইড ভেবে রেফারি প্রথমে পেনাল্টির দাবি নাকচ করে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া।

স্পটকিক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ক্রামারিক। দেশের হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা মদরিচ এর আগেই মাঠ ছেড়েছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST