ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের জন্য পাঠানো অস্ত্র কুর্দি গোষ্ঠীগুলো আটকে রেখেছিল বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের জনগণ ‘নিরস্ত্র অবস্থায়’ রাস্তায় নেমেছিল। তিনি দাবি করেন, কুর্দিরা বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার কথা থাকলেও তা করেনি।
ট্রাম্প বলেন, আমরা ভেবেছিলাম কুর্দিরা অস্ত্র দেবে, কিন্তু তারা আমাদের হতাশ করেছে। তারা শুধু নেয়, নেয়, নেয়।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র গোলাবারুদসহ কিছু অস্ত্র পাঠিয়েছিল, যা বিক্ষোভকারীদের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তা আটকে রাখা হয়।
এর আগে এপ্রিল মাসে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের অভিযোগ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্র অনেক অস্ত্র পাঠিয়েছিল, কিন্তু কুর্দিরা সেগুলো নিয়ে নেয়।
তবে ইরানের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপিআই) এক কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলের কোনো কুর্দি দল ওই সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন কোনো সহায়তা পায়নি।সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম লরেন্স এর আগে মন্তব্য করেছিলেন, ট্রাম্প প্রশাসন ইরানের ভেতরের অস্থিরতা, বিশেষ করে কুর্দি গোষ্ঠীগুলোর অসন্তোষকে কাজে লাগিয়ে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল। সূত্র : শাফাক নিউজ