1. shahajahanbabu@gmail.com : admin :
পেটের যেসব সমস্যার লক্ষণ হতে পারে ক্যানসারের সংকেত - Pundro TV
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন



পেটের যেসব সমস্যার লক্ষণ হতে পারে ক্যানসারের সংকেত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ মে, ২০২৬

শরীরে কিছু ছোট পরিবর্তন—যেমন হালকা পেটব্যথা, খাবারে অনীহা বা অকারণে ওজন কমে যাওয়া—অনেক সময় সাধারণ সমস্যা মনে হলেও চিকিৎসকদের মতে এগুলো কখনও অগ্ন্যাশয়ের ক্যানসারের সতর্কবার্তা হতে পারে। বেশিরভাগ মানুষ গ্যাস্ট্রিক বা বদহজম ভেবে এসব উপসর্গ উপেক্ষা করেন, ফলে রোগটি দেরিতে শনাক্ত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার এমন একটি রোগ যা শুরুতে সহজে ধরা পড়ে না। এর জন্য নির্দিষ্ট কোনো নিয়মিত স্ক্রিনিং পরীক্ষাও নেই। ফলে অনেক সময় ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ার পর রোগটি শনাক্ত হয়। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হজমে সহায়তা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি পেটের গভীরে অবস্থান করায় সেখানে টিউমার তৈরি হলেও সহজে বোঝা যায় না। চিকিৎসকদের মতে, এই ক্যানসারের উপসর্গগুলো সাধারণ অসুস্থতার মতো হওয়ায় মানুষ প্রায়ই বিভ্রান্ত হন।

যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন—

চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া

চোখের সাদা অংশ বা ত্বক হলুদ হয়ে গেলে সেটি জন্ডিসের লক্ষণ হতে পারে। পাশাপাশি প্রস্রাবের রঙ গাঢ় হওয়া বা পায়খানা ফ্যাকাসে হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে।

অকারণে দ্রুত ওজন কমে যাওয়া

খাদ্যাভ্যাস বা শারীরিক পরিশ্রমে পরিবর্তন না আনলেও যদি দ্রুত ওজন কমতে থাকে, তবে সেটি গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

পেট বা পিঠে দীর্ঘদিন ব্যথা থাকা

উপরের পেট বা পিঠে দীর্ঘস্থায়ী ব্যথা, যা বারবার ফিরে আসে বা ধীরে ধীরে বাড়ে, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

হঠাৎ ডায়াবেটিস ধরা পড়া

বিশেষ করে ৫০ বছরের পর নতুন করে ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকেরা কখনও কখনও অগ্ন্যাশয়ের স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন।

হজমে অস্বাভাবিক সমস্যা

তৈলাক্ত বা ভাসমান পায়খানা, পেট ফাঁপা, বমিভাব, খাবারে অরুচি বা খাওয়ার পর অতিরিক্ত ক্লান্তি—এসব পরিবর্তনও অগ্ন্যাশয়ের সমস্যার ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী, অতিরিক্ত ওজনের মানুষ, দীর্ঘদিনের প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত রোগী এবং যাদের পরিবারে অগ্ন্যাশয়ের ক্যানসারের ইতিহাস রয়েছে তাদের ঝুঁকি বেশি। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ডায়াবেটিস ও বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাসও ঝুঁকি বাড়াতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে তা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST