1. shahajahanbabu@gmail.com : admin :
বরগুনায় টমটম উল্টে দিনমজুর নিহত - Pundro TV
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন



বরগুনায় টমটম উল্টে দিনমজুর নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ মে, ২০২৬

বরগুনার পাথরঘাটায় মালামালবোঝাই একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইলিয়াস হোসেন (৪১) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে বিকেল ৫টার দিকে ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।

নিহত ইলিয়াস হোসেন উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। আহতরা হলেন— চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকার আল আমিন (৩৮) ও মোশাররফ হোসেন (৩৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ইট-বালি পরিবহনে ব্যবহৃত একটি টমটম কাঁঠালতলী এলাকার দিকে যাওয়ার সময় মুন্সিরহাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রদীপ দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST