জাপানের নিপ্পন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও মানবিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে এগিয়ে আসার জন্য নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।এদিকে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।