1. shahajahanbabu@gmail.com : admin :
চাকরি ছাড়াও অভিজ্ঞতা অর্জনের ৫ উপায় - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন



চাকরি ছাড়াও অভিজ্ঞতা অর্জনের ৫ উপায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬

বর্তমানে বেশির ভাগ কোম্পানি অভিজ্ঞ কর্মী খোঁজে। সদ্য স্নাতক পাস করা একজন তরুণ চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা না থাকাই স্বাভাবিক। কারণ, তিনি কখনো চাকরি করেননি। আর চাকরি ছাড়া অভিজ্ঞতা কীভাবে অর্জিত হবে, এটাই বড় প্রশ্ন। তবে কাজের অভিজ্ঞতা মানেই শুধু গতানুগতিক ৯টা-৫টা অফিস নয়, বরং নানা উপায়ে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তেমনই পাঁচটি উপায় নিয়ে আলোচনা করা হলো।

ভলান্টিয়ার হোন

অভিজ্ঞতা অর্জনের অন্যতম কার্যকর উপায় হতে পারে ভলান্টিয়ার হিসেবে কাজ করা। এর মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি একটি সংগঠন বা সংস্থার কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং অন্যদের সহায়তা করা যায়। অলাভজনক সংস্থায় কাজের সুযোগও অনেক রয়েছে।

এ ক্ষেত্রে এমন সংস্থা বেছে নেওয়া উচিত, যা ভবিষ্যৎকর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দক্ষতা অর্জনে সহায়ক। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইভেন্ট ম্যানেজমেন্টে আগ্রহ থাকলে সংস্থার সোশ্যাল ফিড পরিচালনা, তহবিল সংগ্রহ বা স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় যুক্ত হওয়া যেতে পারে।

বড় সংস্থাগুলোতে কাজের পাশাপাশি শেখার ও পরামর্শ পাওয়ার সুযোগ তুলনামূলক বেশি থাকে। চাইলে নিজ উদ্যোগে কোনো ইভেন্ট আয়োজন বা প্রশিক্ষণ সেশনও পরিচালনা করা যেতে পারে। যেমন স্কুল বা কোনো প্রতিষ্ঠানে ট্রেনিং সেশন শুরু করতে পারেন। এসব অভিজ্ঞতা নিয়োগকর্তাদের কাছে সমস্যা সমাধানের দক্ষতা প্রমাণ করে।

ক্লাবে যোগ দিন

চাকরির ইন্টারভিউতে অনেক সময় প্রার্থীর ক্লাব কার্যক্রমও বিবেচনায় নেওয়া হয়। তাই ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়া যেতে পারে। পেশাগত ক্লাব, সেবামূলক ক্লাব এবং শখ/উৎসাহবিষয়ক ক্লাব এ ক্ষেত্রে অন্যতম। কোনো নির্দিষ্ট পেশায় লক্ষ্য স্থির করতে পারেন।

যেমন যদি একজন ক্যাশিয়ার হতে চান, তাহলে অ্যাকাউন্টিং ক্লাব, ফিন্যান্স ক্লাবে যোগ দিতে পারেন। একটি সেবামূলক ক্লাবের কোনো পদে থাকার অভিজ্ঞতা চাকরিক্ষেত্রে অন্য প্রার্থী থেকে আলাদা করে তুলবে। কোনো ক্লাবের সদস্য হওয়া, ক্লাবের নেতৃত্ব দেওয়া এবং কোনো কমিটির সংগঠনপ্রধান হলে নিয়োগকর্তারা বুঝতে পারবেন, আপনি দক্ষ।

প্রতিযোগিতায় অংশ নিন

ক্যাম্পাস বা আশপাশে হ্যাকাথন, বিজনেস কেস প্রতিযোগিতা, লেখা প্রতিযোগিতা কিংবা শিল্প প্রদর্শনীর আয়োজনের পোস্টার প্রায়ই দেখা যায়। এসব সুযোগ এড়িয়ে না গিয়ে অংশ নেওয়া উচিত। জয়-পরাজয়ের বাইরে এসব প্রতিযোগিতা বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে।

অংশগ্রহণের অভিজ্ঞতা সিভিতে যুক্ত করলে তা মূল্য যোগ করে। প্রতিযোগিতার মূল বিষয়ের ওপর আপনার দক্ষতা তুলে ধরার পাশাপাশি সমস্যার সমাধান, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতার মতো দক্ষতাগুলোও তুলে ধরতে পারেন। ইন্টারভিউতে নিয়োগকর্তারা এসব দক্ষতা খুঁজে থাকেন।

ব্যবসা শুরু করুন

নিজেই আয়ের সুযোগ তৈরি করতে পারলে অন্যের সুযোগের আশায় থাকা উচিত নয়। উদ্যোক্তা হওয়া, স্বনির্ভরতা এবং স্বকীয় হওয়ার ক্ষমতা প্রদর্শন করুন। এসব দক্ষতা নিয়োগকর্তারা পছন্দ করেন। পড়াশোনার পাশাপাশি একটি সাইড বিজনেস শুরু করতে পারেন। এটি প্রথম চাকরি শুরু করার পরেও অর্থ উপার্জনে সাহায্য করতে পারে।

আপনার দক্ষতার ওপর নির্ভর করে অনলাইন রিসেলিং, হোমমেড খাবার তৈরি, ফ্রিল্যান্সিং, টিউশনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি এবং ই-কমার্স ব্যবসা করতে পারেন। ভবিষ্যতে যে পেশায় কাজ করার আশা করেছেন, ভালো হয় এ ধরনের কোনো পেশার সঙ্গে সংশ্লিষ্ট হওয়া। যেমন নার্স হতে চাইলে বয়স্ক লোকজনের ছোটখাটো কাজ বা প্রযুক্তিগত বিষয়ে সাহায্য করার মতো একটি ব্যবসা শুরু করতে পারেন।

শিক্ষক হতে চাইলে টিউশনি করতে পারেন। এগুলো চাকরির জন্য আবেদন করার সময় আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।

ইন্টার্নশিপ বা কো-অপ করুন

ইন্টার্নশিপ এবং কো-অপ শিক্ষার্থীদের কর্মজীবনের শুরুতে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের চমৎকার সুযোগ তৈরি

করে। পড়াশোনার সময় বা সদ্য স্নাতক পাস করার পর ইন্টার্নশিপ বা কো-অপের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই কাজের অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে।

এ ছাড়া আপনার পছন্দের ক্ষেত্রে পেশাগত নেটওয়ার্ক তৈরি করা শুরু করতে পারেন। কেউ বেতনসহ ইন্টার্নশিপ খুঁজে না পেলে বা বিনা বেতনে কাজ করার সামর্থ্য না থাকলে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা সপ্তাহে এক বা দুই দিনের জন্য ইন্টার্ন হিসেবে নিতে আগ্রহী কি না খোঁজখবর নিন। এ ছাড়া পার্টটাইম কাজ করার ফলে অর্থ উপার্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অভিজ্ঞতা অর্জন করা যায়।

তথ্যসূত্র: আরবিসি.কম

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST