বৃষ্টিতে রংপুর মহানগরীর অন্তত ১০টি সড়ক ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। শুক্রবার (১ মে) রাত থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশন সড়ক নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন সংস্কার এবং পরিষ্কার না থাকায় পানি সরতে পারে না।এতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মহানগরীতে ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর বাবুখা, মাস্টারপাড়া, আবহাওয়া অফিস, চারতলা মোড় কলোনি, পার্কের মোড় এলাকার সর্দারপাড়া, লালবাগসহ অন্তত ১০টি এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে।
নগরীর মাস্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, এই পাড়ায় ৪০ বছর ধরে আছি, বৃষ্টির মৌসুম মানেই আমাদের দুর্ভোগ।প্রতিবছরই ড্রেন পরিষ্কারের কথা বলে। কিন্তু করা হয় না, দুর্ভোগও কমে না।
একই এলাকার রহিমা বেগম বলেন, সড়কের দুই পাশে বাড়ি হচ্ছে, ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে। যে পরিমাণ বাড়ি হয়, সেই পরিমাণ ড্রেন নির্মাণ করা হয় না, পরিষ্কারও হয় না।তাহলে পানি যাবে কোথায়। পানি বের হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুতই সমাধান করার চেষ্টা করছি। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন সমস্যা সমাধান করা হবে।