আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্ব ধরিত্রী দিবস প্রথম শুরু হয় ১৯৭০ সালে। এরপর থেকে প্রতিবছর এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটির মূল লক্ষ্য হলো—পৃথিবীর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “পৃথিবী বনাম প্লাস্টিক”, যেখানে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই ফেলা হয় খোলা স্থানে—রাস্তার ধারে, নদীর তীরে ও উন্মুক্ত ভাগাড়ে। কোথাও কোথাও এসব বর্জ্য পুড়িয়ে ফেলার ফলে আরও মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে।
বিশেষভাবে ঢাকার আশপাশের নদ-নদী ও খালগুলোতে প্লাস্টিক বর্জ্যের কারণে জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন কর্মসূচি পালন করছে। ধরিত্রী রক্ষায় আমরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
পরিবেশকর্মীরা বলছেন, প্লাস্টিক ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানো ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।