নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশের কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এ সময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
তিনি আরও জানান, সীমান্ত ট্রেনটি আত্রাইয়ের আহসানগজ্ঞ স্টেশনে দাড়ায় না। তবে সামান্য ধীর গতিতে চলে। তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।