দীর্ঘদিন ধরেই নানা কারণে রাজধানী ঢাকা বায়ুদূষণের সমস্যায় ভুগছে। যদিও সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রায় কিছুটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, তবুও আজকের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত।
শনিবার (৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম।
বায়ুমানের এ স্কোর ভালো দেখালেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শুক্রবার এই শহরের বায়ুমানের স্কোর ছিল ১২৩। এর আগেরদিন বৃহস্পতিবার স্কোর ছিল ১৬০। এই হিসাবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম রয়েছে।
একই সময়ে তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এই শহরের বায়ুমানের স্কোর ২৫৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৯৯। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কামপালা, ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।