1. shahajahanbabu@gmail.com : admin :
মোনাকোয় ৪৮৮ বছর পর পোপের পদার্পণ - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন



মোনাকোয় ৪৮৮ বছর পর পোপের পদার্পণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পোপ নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ইউরোপ সফরে শনিবার মোনাকো ভ্রমণ করেছেন পোপ লিও। ৪৮৮ বছর পর এই প্রথম কোনো পোপ ক্যাসিনো ও বিলাসবহুল সুপারইয়টের জন্য বিখ্যাত ছোট্ট ও ধনী এই দেশটিতে পা রাখলেন। দেশটিতে সর্বশেষ ১৫৩৮ সালে পোপ তৃতীয় পল সফর করেছিলেন। পোপ লিওর এই আকস্মিক সিদ্ধান্তে ভ্যাটিকানের অনেক পর্যবেক্ষকই বেশ অবাক হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

মোনাকোর হেলিপোর্টে যুবরাজ আলবার্ট ও তার স্ত্রী প্রিন্সেস শার্লিন পোপকে স্বাগত জানান। ক্যাথলিক চার্চের প্রথম মার্কিন পোপ হিসেবে গত বছরের মে মাসে নির্বাচিত হন লিও। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকোকে ‘শান্তির পরীক্ষাগার’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, এই সফরের মধ্য দিয়ে পোপ সমগ্র ইউরোপের উদ্দেশে বার্তা দেওয়ার সুযোগ পেয়েছেন।

মোনাকো চরম ধনী রাষ্ট্র হলেও এটি গভীরভাবে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। সম্প্রতি যুবরাজ আলবার্ট দেশটিতে গর্ভপাত বৈধ করার একটি প্রস্তাবও নাকচ করে দিয়েছেন। ভ্যাটিকান জানিয়েছে, পোপের এই সফরের অন্যতম প্রধান বার্তা হলো- যুদ্ধ বিরোধিতা ও ‘জীবনের সুরক্ষা’।

পূর্বসূরি পোপ ফ্রান্সিস সাধারণত অবহেলিত ও প্রান্তিক অঞ্চলগুলো সফর করতেন। সেই তুলনায় মোনাকোর মতো ধনী দেশে লিওর এ সফর একেবারেই ব্যতিক্রম। তবে বিশ্লেষকদের মতে, ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রতি বিশেষ সৌজন্য দেখাতেই পোপ লিও এই সফর বেছে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST