1. shahajahanbabu@gmail.com : admin :
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮ - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন



লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার।

কাউছার জানান, ঘটনার পর থেকে চন্দ্রগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদারুল ইসলাম মেহেরাজ (৩০), আবদুর রহমান আকাশ (২২), সাজ্জাদ হোসেন রিপাত (২৩), আয়াত হোসেন মিলন (২৩), আরিফ হোসেন (২২), হৃদয় হোসেন (২৩), মো. শাকিব হোসেন (২৪) ও মেহেরাজ হোসেন ইমন (২২)। তাঁরা সবাই চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ পথচারী আবদুর রহিম ঢাকায় চিকিৎসাধীন থাকায় এখনো মামলা দায়ের হয়নি। তিনি সুস্থ হলে দ্রুত মামলা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার রাকিব হোসেন পাটওয়ারী গ্রুপ ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ এলাকার মিতুলের নেতৃত্বে সাত-আটজনের একটি দল আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের এক সদস্যকে মারধর করে। এই ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ সময় পথচারী আবদুর রহিম ও রিপন হোসেন গুলিবিদ্ধ হন এবং সাইফুল ইসলাম আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST