বুধবার (২৫ মার্চ) ঈদের ছুটি শেষে মায়ের সঙ্গে সে ঢাকায় ফিরছিল।
আলিফ বলে, ‘আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না।’
এসময় আলিফের সঙ্গে তার নানি সাহেদা বেগম ছিলেন।
সাহেদা জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম (৩৫) ঢাকার বাইপাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছোঘাটা এলাকায়।
তিনি বলেন, ‘জ্যোৎস্নাকে আমি বাসে তুলে দিয়েছিলাম। বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন জ্যোৎস্না আমাকে বলে, “আম্মা বাস পদ্মায় পড়ে যাচ্ছে”। এরপর আর কোনো কথা শুনি নাই। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেল।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ১১ যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, এদিন বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে, ওই বাসে মোট কতজন ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।