1. shahajahanbabu@gmail.com : admin :
‘আ.লীগ সরকারের অদক্ষতার কারণে নলুয়া সেতুর কাজ শুরু হয়নি’ - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন



‘আ.লীগ সরকারের অদক্ষতার কারণে নলুয়া সেতুর কাজ শুরু হয়নি’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সড়ক পরিবহন, সেতু , রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আওয়ামী লীগের সরকারের অদক্ষতা, আন্তরিকতা ও জনগণের কাছে অঙ্গীকার না থাকার কারণে নলুয়া-বাহেরচর সেতুর ব্রিজের কাজ শুরু করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সময় কাজে অনেক গতি দিয়েছে, যা আমাদের সেতুর কাজ শুরু করতে সহযোগিতা করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্বর এলাকায় পাণ্ডব-পায়রা নদীর ওপর ‘নলুয়া-বাহেরচর’ সেতুর ওপর নির্মিত ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি আবুল হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা, উপজেলা বিএনপির নেতারা।এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক, পটুয়াখালী জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১০২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ১৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতু হবে স্টিল টাইড আর্চ (৪২০ মিটার) এবং ভায়াডাক্ট অংশ হবে প্রি-স্ট্রেসড আই গার্ডার (৯৬০ মিটার)। এছাড়া ৩.২৯ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, টোল প্লাজা স্থাপন, ওয়েই ব্রিজ নির্মাণ ও নদীতীর সংরক্ষণ কাজ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন নির্মাণকাজ পরিচালনা করছে।

২০২১ সালের ৮ জুন একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয় এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে সেতুটির কাজ শেষ হওয়ার লক্ষ্য থাকলেও, বিভিন্ন কারণে নির্মাণ কাজ শুরু হতে দেরি হয়েছে।

নলুয়া-বাহেরচর সেতু দিয়ে যানচলাচল শুরু হলে বরিশালের সাথে পটুয়াখালীর দুমকি ও পার্শ্ববর্তী এলাকার সরাসরি সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আর্থ-সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST