1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন



ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানে চলমান মার্কিন-ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাসদ রংপুর জেলা সভাপতি শাহীনুর রহমান বাদল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বাসদ জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।

তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি উস্কানি হিসেবে অভিহিত করে বলেন, গাজায় নৃশংস গণহত্যার পর এখন ইসরাইল ও তার পরম মিত্র যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে পুড়িয়ে মারতে চায়। ইরানের সার্বভৌমত্বের ওপর এই আঘাত কেবল একটি দেশের ওপর আক্রমণ নয়, বরং বিশ্বশান্তির বুকে এক নগ্ন হস্তক্ষেপ।

তারা আরও বলেন, মার্কিন অস্ত্র ও অর্থ সাহায্য ছাড়া ইসরাইল এই ধরনের দুঃসাহস দেখাতে পারতো না। এই যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।

এসময় তারা জাতিসংঘকে কেবল ঠুঁটো জগন্নাথ হয়ে না থেকে এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানান। পাশাপাশি দেশবাসীকে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং রাজপথে প্রতিবাদ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST