গাইবান্ধা শহরের কুটিপাড়া এলাকায় দুটি সেমাই কারখানায় র্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদন্ড ও কারান্ড প্রদান করা হয়।
শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং উদ্ধার করা হয়।
এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়।
অন্যদিকে নুরানী ফুড কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।