1. shahajahanbabu@gmail.com : admin :
সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন



সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র ওমরাহ পালন শেষে ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ১৫ ফেব্রুয়ারি থেকে সাগর জাহানের দুটি নাটকের কাজ করছেন মোশাররফ করিম। একটি ‘সদা সত্য বলিব’ অন্যটি ‘আদু ভাই’।

সাগর জাহানের নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো নানা ধরনের স্মৃতি রোমন্থন হচ্ছে। কাজ করে আনন্দ পাচ্ছি। কাজ করার সময় পরিচালকের মুখ দেখে মনে হলো, তিনি সন্তুষ্ট। আমি নিজেও তৃপ্ত তাঁর সঙ্গে কাজ করে।’সদা সত্য বলিব নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী আইশা খান। প্রচারিত হবে এনটিভির ঈদ আয়োজনে। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একজন সহজ-সরল মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিব। যাকে বলা যায় অকপট প্রেম। অভিনয়শিল্পী হিসেবে আইশা খান বেশ ভালো করছে। সাগর জাহানের কাজ আমার ভালো লাগে। এই কাজও ভালো হচ্ছে। আশা করছি অনেকেই পুরোনো স্বাদ পেতে পারেন।’

সাগর জাহান জানান, আজ এবং আগামীকাল তাঁর নির্দেশনায় আদু ভাই নাটকের শুটিং করবেন মোশাররফ করিম। এই নাটকেও মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন আইশা খান। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। যথারীতি এটিও তৈরি হচ্ছে হাসির গল্পে। নাটকটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা।

এর আগে সাগর জাহানের পরিচালনায় সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’; খণ্ড নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’, ‘মেহমান’, ‘মন দরজা’, ‘শেষটা আমার ছিল’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘টাপুর টুপুর অপেরা’, ‘শেষটা অন্য রকম ছিল’, ‘চুপ ভাই কিছু বলবে’, ‘চুপ ভাই কিছু ভাবছে’সহ আরও অনেক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST