1. shahajahanbabu@gmail.com : admin :
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন



ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মানিকগঞ্জে চিত্রনায়ক ওমর সানী’র মালিকানাধীন চাপওয়ালার শ্বশুর বাড়ি বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট–এ একদল দুর্বৃত্তের হামলায় মো. আতিকুর রহমান খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতের চাচা মো. খলিলুল রহমান খান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নামে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আতিকুর ৪–৫ জন বন্ধুকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে যান। সে সময় কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মীর অশোভন আচরণ দেখে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়।

হামলায় আহতদের রক্তাক্ত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬)সহ আরও অজ্ঞাত কয়েকজন।

ঘটনার বিষয়ে ওমর সানী বলেন, জনবল সংকটের কারণে কয়েকদিন আগে লিখনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আচরণ সন্দেহজনক ছিল এবং মাদকাসক্তির অভিযোগও ছিল। এ ধরনের ঘটনা কেন ঘটলো সেটি তিনি বুঝতে পারছেন না, তবে ঘটনার সুষ্ঠু বিচার চান।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে তিনি নিজেই পুলিশ ও সেনাসদস্যদের অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযুক্ত লিখনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন এবং সতর্ক করেছেন। ঘটনার সময় রেস্তোরাঁর ম্যানেজার উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST