রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমরান নাবিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। বাবার নাম শফিকুল ইসলাম প্রামাণিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, ‘ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। কয়েকজন মিলে সেখানে মেস হিসেবে থাকতেন।ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।এর আগে গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।