আজ নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে অফিসগামী মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এ কারণে মঙ্গলবার সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে—এমন ধারণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সাময়িক অসুবিধা হতে পারে জানিয়ে ডিএমপি বলেছে, বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।