ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার গভীর রাতে ২৯৭ আসনের সংসদ সদস্যের গেজেটের পাশাপাশি গণভোটের ফলাফলও গেজেট আকারে প্রকাশ করা হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষে এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মুক্ত হলো।
প্রকাশিত গেজেট অনুসারে, গণভোটে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। এ ছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে সারাদেশে সর্বমোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি ভোট প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ১৬ ধারার উপ-ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই গণভোটের ফলাফলের মাধ্যমে সংবিধান সংস্কার ও জুলাই সনদের প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের প্রত্যক্ষ সমর্থন নিশ্চিত হলো।
বর্তমানে গেজেট প্রকাশের পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এই জয়ের ফলে নতুন সংসদের প্রথম অধিবেশনেই সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীর কাজ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।