চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন গহিরা গ্রামের তিন বাসিন্দা। তারা হলেন- চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে সাঈদ আল নোমান। তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। ফলে পুরো গ্রামজুড়ে তৈরি হয়েছে এক অন্যরকম আনন্দঘন পরিবেশ।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, রাউজান আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নূরী পান ২৭ হাজার ১৪৬ ভোট। একই আসনে জামায়াতে ইসলামীর শাহাজাহান মঞ্জু পান ২২ হাজার ১১৮ ভোট। দীর্ঘদিন ধরে রাউজানের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার বিজয় ছিল অনেকটাই প্রত্যাশিত, তবে একই গ্রামের আরও দুই প্রার্থীর জয় ঘটনাটিকে দিয়েছে বিশেষ মাত্রা।
রাঙ্গুনিয়া আসনে ভাতিজার যুগপৎ বিজয় বাড়িয়ে দিয়েছে আনন্দের রেশ। হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট। তার বাবা, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে তার বিজয় ছিল আলোচিত।