1. shahajahanbabu@gmail.com : admin :
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির বিএনপিতে যোগদান - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন



৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির দীর্ঘদিনের সুসংগঠিত দুর্গে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার ঘুড়িদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি ধানের শীষের প্রার্থীর হাতে ফুল দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হন। এই ঘটনার মধ্য দিয়ে সাঘাটা ও ফুলছড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।যোগদান অনুষ্ঠানে আতাউর রহমান সরকার আতার সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ বিপুলসংখ্যক সক্রিয় নেতাকর্মী বিএনপির পতাকাতলে সমবেত হন। আতাউর রহমান সাঘাটা ও গাইবান্ধার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত। তিনি একাধারে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো একজন শীর্ষস্থানীয় নেতার দলত্যাগে স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা। এ ছাড়াও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও বিশিষ্ট শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের মৌলিকঅধিকার রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। নবাগত নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার মাধ্যমে আগামী নির্বাচনে বড় ব্যবধানে জয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। আতাউর রহমানের নেতৃত্বে এই বিশাল জনবল যুক্ত হওয়ায় সাঘাটা এলাকায় বিএনপির অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো বলে দাবি করা হচ্ছে।স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাঘাটা এলাকাটি ঐতিহাসিকভাবেই জাতীয় পার্টির শক্তিশালী চারণভূমি হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের দলবদল জাতীয় পার্টির জন্য এক বড় ধাক্কা। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন গণ-যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। নবাগতরা ধানের শীষের প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার ঘোষণা দেওয়ায় নির্বাচনি লড়াইয়ে বিএনপি এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে সাধারণ মানুষের মাঝে আলোচনা চলছে। সব মিলিয়ে গাইবান্ধার এই জনপদের রাজনৈতিক দৃশ্যপট এখন আমূল বদলে যাওয়ার পথে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST