বিএনপি ক্ষমতায় এলে দেশে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়া হবে, তাদের জানমাল আমাদের কাছে আমানত বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা–২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, হিন্দুদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং তারা সংবিধান অনুযায়ী মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে পাথরঘাটা হাইস্কুল মাঠে তার সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নুরুল ইসলাম মনি একটি দলের সমালোচনা করে বলেন, কিছুদিন আগে ইসলাম নামদারী একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখনো নতুন কৌশলে সেই প্রচেষ্টা চালাচ্ছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। তাই স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতি এ দেশে গ্রহণযোগ্য হতে পারে না।
জনসভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
সভায় বেতাগী উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মল্লিক, বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র শাজাহান কবির, বামনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রানা, পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জনসভায় স্থানীয় সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে পাশের রাস্তা, বিল্ডিংয়ের ছাদে লোকে পরিপূর্ণ ছিল।