1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বিএনপির এক দফা দাবির মহাসমাবেশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে তল্লাশি চৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সড়কে চলাচলকারী ঢাকাগামী পরিবহণ আসতেই থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

শনিবার সকালে সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। পুলিশের সূত্রমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশতেই প্রায় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

দেখা গেছে, প্রতিটি চেকপোস্টে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী দূরপাল্লাসহ ছোটখাটো পরিবহণ আটকে যাত্রীদের জিজ্ঞাসার পাশাপাশি তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করছে তারা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঢাকায় সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব তল্লাশিচৌকি বসানো হয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতে এসব স্থাপনা। শুধুমাত্র জনস্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় দুই দলেরই মহাসমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোনো বিশৃঙ্খলা কিংবা নাশকতা সৃষ্টি না করতে পারে সেজন্য নারায়ণগঞ্জ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলাজুড়ে প্রায় সাড়ে ৩ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST