1. shahajahanbabu@gmail.com : admin :
ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে মৃত্যুর রেকর্ড ছাড়াল - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন



ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে মৃত্যুর রেকর্ড ছাড়াল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ফরিদপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর এক দিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটল ফরিদপুরে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।

মৃত ৫ জনের মধ্যে চারজনের বাড়ি ফরিদপুরে এবং একজনের বাড়ি কুষ্টিয়া জেলায়। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মারা যাওয়া রোগীরা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার ভাটদী গ্রামের বাসিন্দা জয়নাব বেগম (৫৫), সদরপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের লাবনী বেগম (২৫), ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা সমির সরকার (২২), একই উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা সানজিদা বেগম (২৭) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা মধুসূধন বিশ্বাস (৭৫)।

এছাড়া নতুন করে আরও ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে অবস্থান নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১১ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১০ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST