টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে গেছে পাকিস্তান। গতপরশু রাতে পাল্লেকেলেতে পাকিস্তানের ১৬৪ রান পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় হ্যারি ব্রুকের দল। ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ১০ চার ও চার ছক্কায় ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলে জয়ের নায়ক ব্রুক। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে চারটি ম্যাচ খেলে সবকটি জিতল ইংল্যান্ড। এই সংস্করণে দুই দলের সবশেষ ছয় ম্যাচের সবগুলোও জিতল ইংলিশরা। এই জয়ে ইংল্যান্ড যেমন সেমিফাইনালে উঠল, তেমনি পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে গেল। তবে সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। সব মিলিয়ে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। মাঠে চলছে ব্যাট-বলের খেলা, ড্রেসিংরুমে চলছে ক্যালকুলেটরের হিসাব।
‘গ্রুপ ২’ থেকে সুপার এইটে আর একটি ম্যাচ খেলবে পাকিস্তান। পাল্লেকেলেতে আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমান আগার দল। সুপার এইটের গ্রুপ ২ থেকে এটাই শেষ ম্যাচ। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে পাকিস্তানকে সবার আগে এই ম্যাচ জিততে হবে। তবে শুধু এই জয়ই পাকিস্তানকে শেষ চারে ওঠার টিকিট পাইয়ে দেবে না। গ্রুপ ২ থেকে অন্য ম্যাচের ফলেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচের ফল তাদের সমীকরণের পক্ষে যায়। নিজেদের শেষ ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের জয় চাইবে পাকিস্তান। সেটা হয়ে গেলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারালেই সেমিতে পা রাখবে তারা। গতরাতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচের ফল এতক্ষনে নিশ্চয়ই পেয়েও গেছেন।তবে তার আগে গ্রুপ ২ পয়েন্ট তালিকায় তাকানো যাক। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড (১.৪৯১)। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড (০.০০০)। এ গ্রুপ থেকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগ করেছিল দুই দল। পাকিস্তান (-০.৪৬১) দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয়। ১ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা (-২.৫৫০)। ইংল্যান্ড ও পাকিস্তান এই গ্রুপ থেকে আর একটি করে ম্যাচ খেলবে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা খেলবে দুটি করে ম্যাচ। ৮ দলের এই সুপার এইটে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।অন্যদিকে গ্রুপ-১ এখনো বেশ উন্মুক্ত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবুয়ে- চার দলের সামনেই খোলা সেমিফাইনালের দরজা। সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। এই পর্বের প্রথম ম্যাচেই যেমন বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। ফলে শেষ পর্যন্ত একাধিক দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে সুপার এইটে। তখন সেমিফাইনালে যাবে কোন দল? চলুন দেখা যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির প্লেয়িং কন্ডিশনে কী বলা আছে।