তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করে বিকেলের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মিলনের ঘনিষ্ঠ সূত্র ও ব্যক্তিগত সচিব গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।২০০১-২০০৬ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এহসানুল হক মিলন নকল, প্রশ্নফাঁস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালান। হেলিকপ্টারে করে পরীক্ষা কেন্দ্রে অভিযান, নকলকারীদের ধরা, শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা—এসব কারণে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন ‘নকলের যম’ ও ‘নকল বন্ধের কারিগর’ নামে।তাঁর সময়ে পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা দেশব্যপী প্রশংসিত হয়। অনেকে মনে করেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তিনি আবারও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মিলন। এর আগে ১৯৯৬ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এহসানুল হক মিলনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে।