1. shahajahanbabu@gmail.com : admin :
ইব্রাহিম (আ.)-এর আদর্শ - Pundro TV
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন



ইব্রাহিম (আ.)-এর আদর্শ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬

ইসলামের ইতিহাসে হজরত ইব্রাহিম (আ.) এমন এক মহিমান্বিত ব্যক্তিত্ব, যার জীবন কেবল একটি নবীর জীবনী নয়; বরং তা তাওহিদ, ত্যাগ, আত্মসমর্পণ ও আধ্যাত্মিক দৃঢ়তার এক অনুপম কাব্য। কোরআনুল কারিমে তাঁর নাম বারবার উচ্চারিত হয়েছে, তাঁর সংগ্রামকে আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে এবং তাঁর জীবনকে মানবজাতির জন্য একটি চিরন্তন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

ইব্রাহিম (আ.)-তাওহিদের জীবন্ত প্রতীক: আল্লাহতায়ালা ইব্রাহিম (আ.)-কে এমনভাবে বর্ণনা করেছেন, যা তাঁর অনন্য মর্যাদাকে স্পষ্ট করে। তিনি ঘোষণা করেন, ‘নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর প্রতি একনিষ্ঠ, সত্যনিষ্ঠ এবং তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।’ (সুরা নাহল : ১২০) এই আয়াত ইঙ্গিত করে যে তিনি একাই একটি পূর্ণাঙ্গ আদর্শ সমাজের প্রতিনিধিত্ব করতেন। তাঁর চিন্তা, কর্ম, বিশ্বাস-সবকিছুই ছিল আল্লাহকেন্দ্রিক। জাহেলি সমাজের অন্ধকারে তিনি ছিলেন তাওহিদের দীপ্ত নক্ষত্র।

শিরকবিরোধী বিপ্লব: ইব্রাহিম (আ.)-এর প্রথম বড় পরীক্ষা ছিল তাঁর নিজ পরিবার ও সমাজের বিরুদ্ধে দাঁড়ানো। তাঁর পিতা আজর ছিলেন মূর্তি নির্মাতা। কিন্তু তিনি প্রশ্ন তুললেন, ‘তোমরা কি এমন জিনিসের ইবাদত কর, যা তোমাদের উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না? (সুরা আম্বিয়া : ৬৬)।’ তিনি শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি ও প্রজ্ঞা দিয়ে শিরকের অসারতা প্রমাণ করেন।

একপর্যায়ে তিনি মূর্তিগুলো ভেঙে দেন, যেন মানুষ চিন্তা করে। এই ঘটনার ফলে তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহর কুদরত তখন দৃশ্যমান হয়, ‘আমি বললাম, হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও (সুরা আম্বিয়া : ৬৯)।’ এখানে আমরা দেখি, যে হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত, দুনিয়ার কোনো শক্তিই তাঁকে ক্ষতি করতে পারে না।

আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত: ইব্রাহিম (আ.)-এর জীবন ছিল এক অবিরাম আত্মত্যাগের কাব্য। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ জন্মভূমি ত্যাগ করেন। কোরআনে তার ঘোষণা, ‘আমি আমার প্রতিপালকের দিকে হিজরত করছি; নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় (সুরা আনকাবুত : ২৬)।’ আজকের বিশ্বে যখন মানুষ ইহকালীন ক্ষুদ্রতম স্বার্থের জন্য দেশান্তরিত হয়, সেখানে ইব্রাহিম (আ.) আমাদের শেখান-আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই প্রকৃত সাফল্য। আল্লাহর নির্দেশে তিনি আপন জন্মভূমি ইরাক থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সপরিবার ফিলিস্তিন হিজরত করেছিলেন।

পরিবারকে আল্লাহর হাতে সঁপে দেওয়ার পরীক্ষা: ফিলিস্তিন যাওয়ার পর ইব্রাহিম (আ.)-এর আরেকটি হৃদয়বিদারক পরীক্ষা ছিল তাঁর স্ত্রী হাজেরা (আ.) ও শিশুপুত্র ইসমাইল (আ.)-কে জনমানবহীন মরুভূমি মক্কায় রেখে আসা। হাজেরা (আ.) জিজ্ঞেস করেছিলেন ‘এটি কি আল্লাহর নির্দেশ?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ তখন হাজেরা (আ.) উত্তর দিলেন ‘তাহলে তিনি আমাদের ধ্বংস করবেন না।’

এই সংলাপ তাওয়াক্কুলের এক অনন্য উদাহরণ, আল্লাহর নির্দেশে পূর্ণ আস্থার বহিঃপ্রকাশ। পরবর্তী সময়ে এই ত্যাগের ফলেই মক্কা নগরীর উত্থান এবং কাবা শরিফকেন্দ্রিক সভ্যতার সূচনা হয়।

কোরবানির পরীক্ষা-ভালোবাসার চূড়ান্ত রূপ: ইব্রাহিম (আ.)-এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তাঁর প্রিয় পুত্রকে কোরবানি করার আদেশ। এটি ছিল ভালোবাসা বনাম আনুগত্যের পরীক্ষা। তিনি স্বপ্নে নির্দেশ পেয়ে পুত্রকে বললেন, ‘হে আমার প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি; এখন তুমি কী মনে কর? (সুরা সাফফাত : ১০২)।’ ইসমাইল (আ.)-এর উত্তর ছিল ইমানের চূড়ান্ত ভাষ্য ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন; ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’

এই দৃশ্য মানব ইতিহাসের এক অতুলনীয় আত্মসমর্পণের প্রতীক। আল্লাহতায়ালা তাঁদের এই আনুগত্য গ্রহণ করে ঘোষণা করেন, ‘এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা (সুরা সাফফাত : ১০৬)’

পরীক্ষায় সফলতা ও বিশ্ব নেতৃত্বের সম্মান: সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহতায়ালা তাঁকে যে মর্যাদা দান করেন, তা অনন্য, ‘আমি তোমাকে মানবজাতির জন্য ইমাম বানাব।’ (সুরা বাকারা : ১২৪) তিনি কেবল একজন নবী নন; বরং তিনি আদর্শের প্রতীক, নেতৃত্বের মানদণ্ড এবং ইমানের সর্বোচ্চ উদাহরণ।

মুসলমানদের জন্য শিক্ষা: ইব্রাহিম (আ.)-এর জীবন আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর মধ্যে নিহিত ছিল আদর্শিক দৃঢ়তা, ত্যাগের দর্শন, পরিবার গঠন, তাওয়াক্কুল-আল্লাহর ওপর নির্ভরতা, পূর্ণ আত্মসমর্পণ করা, ধৈর্য ও আনুগত্যের জীবন্ত দৃষ্টান্ত। ইব্রাহিম (আ.)-এর জীবন এক অনন্ত আলোকবর্তিকা, যা যুগে যুগে মুসলমানদের পথ দেখায়।

তাঁর প্রতিটি পরীক্ষা আমাদের আত্মশুদ্ধির আহ্বান, তাঁর প্রতিটি ত্যাগ আমাদের আত্মসমর্পণের শিক্ষা, আর তাঁর প্রতিটি সফলতা আমাদের আশার প্রেরণা। আধুনিক বিশ্বের বিভ্রান্তি, ভোগবাদ ও নৈতিক সংকটের মধ্যে ইব্রাহিম (আ.)-এর জীবনই হতে পারে আমাদের জন্য একমাত্র নিরাপদ দিকনির্দেশনা।

লেখক: গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা

বিডি প্রতিদিন/এম.এস

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST